এবারের সংসদ হবে স্বাধীনতার পর সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার পর এবারের সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রত্যাশা করে আসছে। নতুন সংসদ সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আইন প্রণয়নই নয়,আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই হবে সংসদের প্রধান লক্ষ্য।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারও এই সংসদের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং দ্রুত কার্যক্রম শুরু করবেন।
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে