Views Bangladesh Logo

১৬ ডিসেম্বর শাহজালালের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য: বেবিচক চেয়ারম্যান

সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২০ জুলাই) বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে হস্তান্তরের বিষয়ে আগামী আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে চুক্তি সই হতে পারে।

বিমানবন্দরের নিরাপত্তা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর আহ্বান জানান। পাশাপাশি চলতি বছরের মধ্যেই আধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালু হলে বাংলাদেশের সমুদ্রসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ প্রতিবছর প্রায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় সম্ভব হবে।

বেবিচক চেয়ারম্যানের ভাষ্য, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই এভিয়েশন বিষয়ে দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের বিষয়ভিত্তিক জ্ঞান বাড়ানো প্রয়োজন। এ উদ্দেশ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বিমানবন্দর পরিচালনা, যাত্রীসেবা, নিরাপত্তা, আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফের পাশাপাশি জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ পানি, ওয়াশরুম, ট্রলি, চেয়ারের ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

এ ছাড়া সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল, ন্যাভিগেশন, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে উপস্থাপনা করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ