তৃতীয় দফা বৈঠকে ভারত সরকার ও সিজেপি
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন দিল্লিসহ ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছিল। যার নেতৃত্বে রয়েছে তরুণ প্রজন্মের এই সংগঠনটি।
সরকারের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শেষে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের জানিয়েছিলেন, তাদের মোট তিনটি মূল দাবির মধ্যে দুটি পূরণের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে সবচেয়ে স্পর্শকাতর ও অমীমাংসিত ইস্যু ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, যা নিয়ে দীর্ঘদিন ধরে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে টানাপোড়েন চলছিল। অবশেষে শনিবার তিনি পদত্যাগ করায় আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবিটি পূরণ হলো।
তৃতীয় দফার বৈঠকে বসার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হালনাগাদ দাবিনামায় সিজেপি স্পষ্ট করে জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হলেও আন্দোলন থামছে না, কারণ বাকি দাবিগুলো এখনও অপূর্ণ। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—
-আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান
-আন্দোলনে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা না নেওয়া
-র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশের আন্দোলন দমনে ব্যবহৃত কড়া পদক্ষেপের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা
সংগঠনটির বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজধানীর ঐতিহাসিক প্রতিবাদস্থল যন্তরমন্তরসহ গোটা দেশের আন্দোলনকারীরা এখনও বাকি এই দাবিগুলো পূরণের অপেক্ষায় রয়েছেন এবং সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে সিজেপি।
উল্লেখ্য, এর আগে দুই দফা বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে, যেখানে ধাপে ধাপে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা এগিয়েছে। তৃতীয় দফার এই বৈঠক আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মতামত দিন