মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছিল ফিফা: বিস্ফোরক অভিযোগ মিসর কোচের
আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ফিফা ও ম্যাচ পরিচালনা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তার দাবি, বাণিজ্যিক ও বিপণন স্বার্থে লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতেই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, মিসরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছিল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
তিনি বলেন, আমাদের বৈধ গোলটি বাতিল করা হয়েছে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, আমি জানি না। পুরো ম্যাচ দেখে আমার মনে হয়েছে, বিশাল বাণিজ্যিক ও বিপণন স্বার্থের কারণে যেকোনো মূল্যে লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখার চেষ্টা করা হয়েছে।
মিসর কোচের দাবি, তার দলই পুরো ম্যাচে ভালো খেলেছে। তবে ফুটবলের বাইরের কিছু বিষয় ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলেছে।
তিনি বলেন, আজ আমরা দারুণ ফুটবল খেলেছি, কিন্তু ফুটবল আমাদের প্রতি ন্যায়বিচার করেনি। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, আর মেসির টুর্নামেন্টে থাকা স্পন্সর ও বিপণনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুরো ম্যাচেই রেফারি আমাদের সঙ্গে অন্যায় করেছেন। আমি কোনো ক্রীড়াসুলভ ন্যায়বিচার দেখিনি।
ম্যাচে শুরুতেই দারুণ খেলেছিল মিসর। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোস্তাফা জিকো।
তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ক্রিস্তিয়ান রোমেরো একটি গোল শোধ করার পর লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) অভিযোগ করেছে, কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংস্থাটি ইতোমধ্যে বিষয়টি তদন্তের দাবিতে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে।
হতাশা প্রকাশ করলেও নিজের খেলোয়াড়দের প্রশংসা করেছেন হোসাম হাসান। একই সঙ্গে মিসর ও আরব বিশ্বের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি মিসরের জনগণ এবং পুরো আরব বিশ্বের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা তাদের গর্বিত করতে চেয়েছিলাম। আমার খেলোয়াড়রা মাঠে সর্বোচ্চ চেষ্টা করেছে, তাদের নিয়ে আমি গর্বিত। আমাদের স্বপ্ন এখানেই শেষ নয়, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।
তবে হোসাম হাসানের অভিযোগ কিংবা মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো মন্তব্য করেনি।
মতামত দিন