Views Bangladesh Logo

অধিকাংশ মানুষ বাম হাতেই ঘড়ি পরেন, কারণ কী?

 VB  Desk

ভিবি ডেস্ক

সময় দেখার সবচেয়ে সহজ মাধ্যম এখন স্মার্টফোন। তারপরও হাতঘড়ির জনপ্রিয়তা কমেনি। কারও কাছে এটি প্রয়োজনীয় অনুষঙ্গ, কারও কাছে ফ্যাশন, আবার কারও কাছে ব্যক্তিত্বের প্রকাশ। তবে কখনো কি ভেবে দেখেছেন, কেন অধিকাংশ মানুষ হাতঘড়ি পরেন বাম হাতে?

এর পেছনে মূলত রয়েছে ব্যবহারিক কারণ। ঘড়ির স্ট্র্যাপ বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াচ ব্যান্ড ইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুবিধা, নিরাপত্তা ও দৈনন্দিন ব্যবহারের বিষয়টি বিবেচনায় বাম হাতে ঘড়ি পরার রীতি জনপ্রিয় হয়েছে। বিশেষ করে পৃথিবীর অধিকাংশ মানুষ ডানহাতি হওয়ায় এই অভ্যাসটি ধীরে ধীরে প্রচলিত হয়ে পড়ে।

ডানহাতি মানুষ লেখালেখি, রান্না, কাজ করা কিংবা বিভিন্ন জিনিস ধরার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ডান হাত বেশি ব্যবহার করেন। ফলে ওই হাতে ঘড়ি পরলে কাজের সময় সেটিতে ধাক্কা লাগা, আঁচড় পড়া কিংবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিপরীতে বাম হাত তুলনামূলক কম সক্রিয় থাকায় সেখানে ঘড়ি থাকলে দৈনন্দিন কাজে প্রতিবন্ধকতা কম হয়। এ ছাড়া ঘড়ি পরার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। অধিকাংশ প্রচলিত হাতঘড়ির সময় ও তারিখ পরিবর্তনের জন্য ব্যবহৃত মুকুট বা বোতামটি ঘড়ির ডান পাশে থাকে। বাম হাতে ঘড়ি পরলে ডান হাত দিয়েই সহজে সেটি ঘোরানো বা চাপ দেওয়া যায়। ডান হাতে ঘড়ি পরলে একই কাজ করতে তুলনামূলক বেশি অসুবিধা হয়।

ডান হাতে কোনো কাজ করার সময় বাম হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে অনায়াসে সময় দেখা যায়। কাজের গতি খুব একটা ব্যাহত হয় না। কিন্তু ডান হাতে ঘড়ি থাকলে সেটি দেখার জন্য হাতের অবস্থান পরিবর্তন করতে হতে পারে। ফলে দৈনন্দিন কাজে বাম হাতে ঘড়ি পরা তুলনামূলক সুবিধাজনক। রান্না বা হাত দিয়ে নিয়মিত কাজ করার ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। যে হাতে বেশি কাজ করা হয়, সেখানে ঘড়ি থাকলে গরম, পানি, ধুলো বা অন্যান্য উপকরণের সংস্পর্শে আসার ঝুঁকি বাড়ে। এতে ঘড়ির স্থায়িত্বও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাম হাতে ঘড়ি পরা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। যারা বামহাতি, তাদের কাছে ডান হাতে ঘড়ি পরাই বেশি স্বাচ্ছন্দ্যের হতে পারে। এমনকি বামহাতিদের সুবিধার কথা বিবেচনা করে কিছু ঘড়িতে উল্টো পাশে মুকুট বা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়।

অর্থাৎ, বাম হাতে ঘড়ি পরার প্রচলন মূলত অভ্যাসের পাশাপাশি ব্যবহারিক সুবিধার ফল। যেহেতু বিশ্বের অধিকাংশ মানুষ ডানহাতি, তাই বাম হাতে ঘড়ি পরার রীতিই সময়ের সঙ্গে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে। শেষ পর্যন্ত ঘড়ি কোন হাতে পরবেন, সেটি নির্ভর করে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও অভ্যাসের ওপর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ