মেসির আবেগঘন বার্তা, ‘শুধু শিরোপা নয়, এই যাত্রাটাই সবচেয়ে বড় অর্জন’
বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। স্পেনের বিপক্ষে মহারণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে একটি দলীয় ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
নিউজার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের আগের রাতে তোলা ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেখানে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে দলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফাইনালের আগে বিশ্রামে যাওয়ার আগে পুরো দলের একসঙ্গে তোলা এটিই ছিল শেষ ছবি।
ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে মূল্যবান।’
সতীর্থ ও দলের নেপথ্যের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা এগিয়ে যাও!’
এদিকে, ফাইনালের আগে শুরুর একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবনায় রয়েছেন কোচ স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জেতা দল থেকে একটি পরিবর্তন আসতে পারে। জুলিয়ানো সিমেওনের জায়গায় একাদশে ফিরতে পারেন রদ্রিগো দে পল।
ডান-ব্যাক পজিশনেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল—কে শুরু করবেন, সেটি এখনো নিশ্চিত নয়। তবে এই সম্ভাব্য দুটি পরিবর্তন ছাড়া বাকি একাদশ সেমিফাইনালের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় শিরোপার পাশাপাশি টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই মহারণের আগে মেসির বার্তা যেন দলকে মনে করিয়ে দিল—শুধু ট্রফি নয়, তাদের এই পথচলাও ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছে।
মতামত দিন