Views Bangladesh Logo

ভোরের সেই সড়ক এখন স্বাভাবিক, শুধু ফিরবে না ৫ প্রাণ

Masum   Hossain

মাসুম হোসেন

ভোরের সেই সড়ক এখন আবার স্বাভাবিক। গাড়ি চলছে, মানুষ চলাচল করছেন। ঘটনায় মামলাও হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হবে। কিন্তু নওগাঁর মহাদেবপুরের নূরপুর গ্রামের পাঁচটি ঘরে আর ফিরবে না সেই মানুষগুলো।

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। কুয়াশায় ঢাকা সড়ক। প্রতিদিনের মতো দুটি ভ্যানে করে বাজারের পথে বেরিয়েছিলেন কয়েকজন শ্রমজীবী মানুষ। কিন্তু গন্তব্যে পৌঁছানো আর হলো না তাদের। পথেই থেমে গেল পাঁচটি প্রাণ।

ঘটনাটি ঘটে শনিবার (৩১ জানুয়ারি) ভোরে নওগাঁর মহাদেবপুর উপজেলার পাটকাঠি শিবপুর এলাকায়। মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল একটি বালুবাহী ডাম্প ট্রাক। পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে যায়। তখন বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ভ্যান দুটি।

দুই ভ্যানে থাকা ছয়জনের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নাম সামন্ত।

দুর্ঘটনায় নিহত পাঁচজনই নূরপুর গ্রামের বাসিন্দা। তারা আদিবাসী সম্প্রদায়ের শ্রমজীবী মানুষ। নিহতরা হলেন, সঞ্জু উড়াও, উজ্জ্বল পাহান, বীরেন পাহান, বিপুল পাহান ও বিপ্লব পাহান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা নিম্ন আয়ের মানুষ। দিন এনে দিন খেতেন। এই দুর্ঘটনা শুধু পাঁচটি প্রাণই কেড়ে নেয়নি, পরিবারগুলোকে ফেলেছে অর্থনৈতিক বিপর্যয়ে।

মহাদেবপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ভিউজ বাংলাদেশকে জানান, পাঁচজন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামি অজ্ঞাত। নূরপুর গ্রামের যতন পাহান মামলাটি করেছেন। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। তবে বালুবাহী ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মহাদেবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান ভিউজ বাংলাদেশকে বলেন, নিহতদের পরিবারকে অবশ্যই আর্থিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ