Views Bangladesh Logo

ধন্যবাদ বাংলাদেশ, আমরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল তারকা কুনিয়া

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড মাতেউস কুনিয়া।

ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এক বাংলাদেশি সাংবাদিক কুনিয়াকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখান। ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জয়ের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হাজারো সমর্থক আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।

দূর দেশের মানুষের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ভিডিওটি দেখার পর উচ্ছ্বসিত কণ্ঠে কুনিয়া বলেন, “ওয়াও! এটা অবিশ্বাস্য! আমি দুঃখিত, আমি তোমাদের ভাষা জানি না। কিন্তু আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এটি সত্যিই দারুণ একটি মুহূর্ত। ধন্যবাদ, বাংলাদেশ!”

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি চাই, একদিন তোমরা সবাই এসে আমাদের খেলা সরাসরি দেখো। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা, একটি বড় চুম্বন আর উষ্ণ আলিঙ্গন রইল। আমাদের পাশে থেকো, আমরাও তোমাদের ভালোবাসি।”

সাক্ষাৎকারে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি সম্পর্কে জানতে চাইলে কুনিয়া বলেন, “তিনি সব সময়ই খুব শান্ত থাকেন। ফুটবলে তার অভিজ্ঞতা এবং তিনি কতটা অসাধারণ একজন মানুষ, সেটা আমরা সবাই জানি। বিরতির সময় তার শান্ত স্বভাব আমাদের ধৈর্য ধরে রাখতে সাহায্য করে এবং ম্যাচে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস জোগায়। এটাই তার সবচেয়ে বড় গুণ।”

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিলের প্রতি বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই ভালোবাসা এখন ব্রাজিলের খেলোয়াড়দের কাছেও পৌঁছে যাচ্ছে। কুনিয়ার এই আবেগঘন বার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ