Views Bangladesh Logo

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই গণনায় সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত গণনা করা ভোটে বিজয়ের দল ১০৪টি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) এগিয়ে রয়েছে ৫০টি আসনে। আর ৭৭টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এডিএমকে) জোট।

বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক দল হিসেবে টিভিকের এই অগ্রগতি তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে। চলচ্চিত্র তারকা হিসেবে বিপুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটারদের একটি বড় অংশকে নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছেন বিজয়।

নির্বাচন কমিশন ভোট গণনাকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রতিটি গণনাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রগুলোর ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে বিশেষ বিধিনিষেধ। পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র কিউআর কোডযুক্ত অনুমোদিত পরিচয়পত্রধারীরাই কেন্দ্রে প্রবেশ করতে পারছেন। পর্যবেক্ষক ও রিটার্নিং কর্মকর্তাদের ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছেন না।

এদিকে একই দিনে পশ্চিমবঙ্গেও ভোট গণনা চললেও কিছু বিতর্কিত ঘটনার কারণে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ফলতা বিধানসভা এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেন, ওই এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে ফলতা আসনের ২৮৫টি বুথেই আগামী ২১ মে পুনরায় ভোট নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ভোট গণনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে রয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রায় ১২ হাজার পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে গণনাকেন্দ্রে নজরদারি জোরদার করেছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন—যেসব কেন্দ্রে ৫০০ থেকে ৭০০ ভোটের ব্যবধানে ফল নির্ধারিত হবে, সেখানে পুনর্গণনার আবেদন করতে হবে।

তামিলনাড়ুর বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, দীর্ঘদিনের প্রভাবশালী দলগুলোর বাইরে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে টিভিকে। ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: এনডিটিভি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ