১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের
ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে। অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) হুঁশিয়ারি দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে দলটির ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডিএমকে ও এআইএডিএমকের সাম্প্রতিক বৈঠকের পর টিভিকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে, দুই দল মিলে সরকার গঠনের পরিকল্পনা করছে। এতে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে ১০৭টি আসন পেয়েছে এবং একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটির দাবি, সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার অধিকার তাদেরই। তবে রাজ্যপাল আর ভি আরলেকার জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার পর্যাপ্ত সমর্থন না থাকায় এখনই টিভিকেকে সরকার গঠনের সুযোগ দেওয়া যাচ্ছে না।
রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেনি টিভিকে। একই সঙ্গে দলটির কাছে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র চাওয়া হয়েছে।
বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকের আরও ১০টি আসন প্রয়োজন। ইতোমধ্যে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পেয়েছে দলটি। বাম দল ও ছোট কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিও বিবেচনা করছে টিভিকে।
এদিকে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে) বৈঠকে চারটি প্রস্তাব গ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রধান এম কে স্ট্যালিনকে ‘জরুরি সিদ্ধান্ত’ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এআইএডিএমকের নেতা ই পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার একটি বিকল্প সমীকরণ নিয়েও আলোচনা চলছে। তবে এ নিয়ে ডিএমকের ভেতরেই মতভেদ রয়েছে।
রাজ্যপালের অবস্থানের সমালোচনা করেছেন টিভিকের সম্ভাব্য মিত্ররাও। ভারতের কমিউনিস্ট পার্টি বলেছে, একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। অভিনেতা-রাজনীতিক কমল হাসানও বিজয়ের পাশে দাঁড়িয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে