দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এর মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ পাঁচ দশক ধরে চলা দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগমের (এআইএডিএমকে) দ্বিদলীয় আধিপত্যের অবসান হতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর অংশ নেওয়ার কথা রয়েছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের আমন্ত্রণে এবং নবগঠিত জোট সরকারের শরিক হিসেবে কংগ্রেসের শীর্ষ নেতার এই সফর কেন্দ্র করে ভারতের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এটি বিজয়ের নতুন সরকারের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থনের এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার গতকাল শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বিজয়ের সাথে আজ আরও ৯ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নেবেন।
বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরবর্তী সময়ে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং আইইউএমএলের সমর্থনে ১২০ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তিনি।
বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাখ লাখ ভক্ত ও সমর্থক। চেন্নাই শহর আজ হলুদ ও মেরুন রঙের সমুদ্রে পরিণত হয়েছে। রূপালি পর্দার ‘থালাপতি’ এখন বাস্তবের ‘জননেতা’ হিসেবে সচিবালয়ে পা রাখছেন। এই দৃশ্য প্রত্যক্ষ করতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে