Views Bangladesh Logo

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন বিজয়, কাল শপথ

তামিলনাড়ুর রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠকের পর তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়।

শনিবার সকাল ১১টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন টিভিকে প্রধান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত তিন দিনের মধ্যে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের তৃতীয় বৈঠক। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থনের নথি জমা দেওয়ার পরই রাজ্যপাল তাকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের অনুমতি দেন।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ১০৭টি আসনে জয় পায়। পরে কংগ্রেসের ৫ জন, সিপিআইয়ের ২ জন, সিপিআই (এম)-এর ২ জন এবং ভিসিকের ২ জন বিধায়ক সমর্থন দেওয়ায় বিজয়ের জোট ঠিক ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করে।

সিপিআই (এম) জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনমতের প্রতি সম্মান দেখিয়ে তারা শর্তহীন সমর্থন দিয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে তামিলনাড়ুতে ব্যাপক জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বিজেপিবিরোধী ও আঞ্চলিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পথ পরিষ্কার করলেন বিজয়। বিশ্লেষকদের মতে, এই সরকার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ