Views Bangladesh Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা নেওয়ার পর ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বৈঠক শুরু হয়।

রিজভী জানান, নতুন সদস্য হিসেবে তিনি, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও চিকিৎসক ডোনার প্রথমবারের মতো স্থায়ী কমিটির সভায় অংশ নেন। বৈঠকে আগের সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনার পাশাপাশি অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ডেঙ্গু পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের বিষয়েও সিদ্ধান্তের কথা জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির পক্ষ থেকেও জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে বলে জানান রিজভী। দেশের চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে সচেতনতামূলক প্রচারপত্র তৈরি করে সারাদেশে বিতরণ করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে সচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া স্কুল, মাদরাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট বিন স্থাপন এবং এসব কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্লস গাইড ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন কমিটিতে মৃত্যু, বহিষ্কার বা অন্য কারণে তৈরি হওয়া শূন্যপদগুলো গঠনতন্ত্র অনুযায়ী পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান রিজভী। প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটির পরবর্তী পদধারীদের পদোন্নতির বিষয়টিও বিবেচনা করা হবে।

এদিকে বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনের নির্বাচন নিয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৯ অক্টোবর ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বর জমা দিতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ