ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি। তবে শেষ পর্যন্ত কে দলীয় প্রার্থী হচ্ছেন, সে সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি। শুক্রবার রাতে সাক্ষাৎকার শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, চূড়ান্ত মনোনয়নের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, এ বৈঠক মূলত দলের মনোনয়ন বোর্ডের বৈঠক হিসেবেই অনুষ্ঠিত হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় স্থায়ী কমিটিই বিএনপির মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করে।
রিজভী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে কাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
বিএনপির মনোনয়ন পেতে এ আসনে তিনজন নেতা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ।
এর আগে বিএনপি জানিয়েছিল, শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।
এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান রুহুল কবির রিজভী।
মতামত দিন