থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে শুরু হয়েছে বহুল আলোচিত সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ।
রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোটগ্রহণ পর্বে ইতোমধ্যে ২২ লাখের বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন। থাইল্যান্ডে এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ।
বিবিসির তথ্যমতে, স্থানীয় সময় সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের দীর্ঘ প্রক্রিয়ার পর এই নির্বাচনকে দেশটির জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
থাইল্যান্ডে সাধারণত নির্ধারিত মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারের ভোট হচ্ছে সময়ের অনেক আগেই।
ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তীব্র জাতীয়তাবাদী আবহের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও ৫০টিরও বেশি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাস্তবে কেবল তিনটি দল— পিপলস পার্টি, ভূমজাইথাই এবং ফেউ থাই দেশজুড়ে সংগঠন ও জনপ্রিয়তার কারণে সরকার গঠনের মতো ম্যান্ডেট পাওয়ার অবস্থানে রয়েছে।
ভোটের ফলাফলে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠনই হতে পারে অনিবার্য বাস্তবতা। এবারের নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে সংবিধান বদলের প্রশ্নে একটি গণভোটও হচ্ছে।
সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের চার বছর মেয়াদে সংসদের নিম্নকক্ষে থাকার কথা ছিল। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে