থাইল্যান্ড–কম্বোডিয়া নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত
থাইল্যান্ড ও কম্বোডিয়া অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি জানান, চলমান উত্তেজনা প্রশমনে এবং শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই—উভয়েই এই যুদ্ধবিরতির বিষয়ে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।
দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মঙ্গলবার সকাল ৭টায় একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন। এ বৈঠকের পর আগামী ৪ আগস্ট আসিয়ান চেয়ারের নেতৃত্বে প্রতিরক্ষা অ্যাটাশেদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত বলেন, আমি আত্মবিশ্বাসী যে এই আলোচনা পারস্পরিক আস্থা ও বিশ্বাস পুনর্গঠনে সহায়ক হবে এবং উভয় দেশের লাখ লাখ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই জানান, তার দেশ ‘সদিচ্ছার সঙ্গে’ আলোচনায় অংশ নিয়েছে এবং শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
এই দুই নেতা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা সরকারকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। সাম্প্রতিক সংঘাতে দুই দেশের মধ্যে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, যুদ্ধ থামা পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না। তিনি আরও জানান, আমি দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং স্পষ্ট করে দিয়েছি—তোমরা যুদ্ধ বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে