Views Bangladesh Logo

তিন বছর কোমায় থাকার পর চিরবিদায় থাই রাজকুমারীর

তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মৃত্যু হয়েছে থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়ভা নরেন্দ্র দেব্যবতীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার (১২ জুন) রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দল সর্বোচ্চ নিবিড় চিকিৎসাসেবা দেওয়ার পরও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে।

২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের ব্যায়াম করানোর সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান রাজকুমারী। চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে সৃষ্ট তীব্র অনিয়মিত হৃদস্পন্দনের ফলে এ ঘটনা ঘটেছিল। সেই থেকে তিনি কোমায় ছিলেন।

'প্রিন্সেস পা' নামে পরিচিত বজ্রকিতিয়ভার জন্ম ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর। রাজা মহা ভজিরালঙ্কমের সাত সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তার মা ছিলেন রাজার প্রথম স্ত্রী ও চাচাতো বোন প্রিন্সেস সোমসাওয়ালি।

রাজা ভজিরালঙ্কমের যে তিন সন্তানের আনুষ্ঠানিক রাজকীয় উপাধি ছিল এবং সংবিধান অনুযায়ী যারা সিংহাসনের উত্তরাধিকার হওয়ার যোগ্যতা রাখতেন, বজ্রকিতিয়ভা ছিলেন তাদের একজন। তার মৃত্যুতে থাই রাজপরিবার তাদের অন্যতম পরিচিত ও কৃতী সদস্যকে হারাল।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন এবং একই সময়ে স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায়ও কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এ সময় জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন তিনি।

কারাগারে থাকা নারী, বিশেষত গর্ভবতী বন্দিদের অধিকার রক্ষায় তিনি একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে জাতিসংঘের অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কমিশন তাকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইনের শাসনবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়।

২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেন বজ্রকিতিয়ভা। পরে তাকে জেনারেল পদমর্যাদায় ভূষিত করা হয় এবং রয়্যাল সিকিউরিটি কমান্ডে চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে থাইল্যান্ডের রানী মাতাও ৯৩ বছর বয়সে মারা যান।

রাজপ্রাসাদ জানিয়েছে, রাজকুমারী বজ্রকিতিয়ভার জন্য রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে। পাশাপাশি সরকার জাতীয় শোক ঘোষণা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ