প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া তিনটি দুর্নীতি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামির বিরুদ্ধে আজ সোমবার (১১ আগস্ট) সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এর আদালতে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ করছেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এই তিন মামলার বাদী হচ্ছেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান।
এর আগে গত ৩১ জুলাই একই আদালত মামলাগুলোর চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। সেদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, জয়সহ ১৭ জন এবং পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন—শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা ও আরও কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা।
গত জানুয়ারিতে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুদক। পরে সবগুলো মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে