Views Bangladesh Logo

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের হট্টগোল, উত্তেজনা

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

শিরীন শারমিনকে আজ ভোরে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় লালবাগ থানায় করা একটি মামলায় তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। বেলা ৩টা ১৫ মিনিটে শুনানি শুরু হয়ে ৩টা ৪০ মিনিটের দিকে রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শিরীন শারমিনকে আদালতের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নামানোর সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শিরীন আপার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে থাকেন। পরে তারা সিএমএম আদালতের সামনে এলে বিএনপিপন্থী আইনজীবীরাও পাল্টা স্লোগান দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগপন্থী আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘জয় বাংলা কোনো নিষিদ্ধ স্লোগান নয়, এটি স্বাধীনতার মূল মন্ত্র।’ অপরদিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী কৌঁসুলি হারুন-অর-রশীদ বলেন, ‘আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন, পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ