Views Bangladesh Logo

জবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ঘিরে উত্তেজনা, জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে ছাত্রদল নেতাদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রবেশের সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জকসুর নেতারা।

জকসুর দাবি, ইউজিসি চেয়ারম্যানের সামনে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরতেই তারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। তবে এ সময় তাদের বাধা দেওয়া হয়। পরে ছাত্রদলের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির একপর্যায়ে প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা এবং আইনবিষয়ক সম্পাদক ফারুক আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

জকসু সূত্র জানায়, তাদের দাবির মধ্যে ছিল দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ শুরু, মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসুর নেতারা অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পরে মিলনায়তনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর ছেঁড়া প্ল্যাকার্ড হাতে নিয়ে অডিটোরিয়ামের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন জকসুর নেতাকর্মীরা।

জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ নিজের ফেসবুক পোস্টে লেখেন, প্রক্টর ছাত্রদল হয়ে গেছে নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তুলে ধরার চেষ্টা করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।

তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ