ইরানে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০
ইরানের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর তেলবাহী ট্যাঙ্কারটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজের গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেকিং সিস্টেম জাতীয় কারিগরি ত্রুটির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গভর্নর আরও জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে এবং এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ধরে যাওয়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানে জরাজীর্ণ সড়ক, পুরনো যানবাহন এবং অনিয়ন্ত্রিত ভারী পরিবহনের কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। ২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রী তোলার জন্য অপেক্ষারত একটি বাসে তেলবাহী ট্যাঙ্কার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
জাতিসংঘের শিশুবান্ধব তহবিলের (ইউনিসেফ) তথ্য অনুযায়ী, দুর্বল অবকাঠামো ও ট্রাফিক আইনের শিথিলতার কারণে ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড় দুর্ঘটনার চেয়ে প্রায় ২০ গুণ বেশি।
২০১৭ সালে প্রকাশিত ফিন্যান্সিয়াল ট্রিব্যুনালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হন।
মতামত দিন