ঝড়বে বৃষ্টি বাড়বে তাপমাত্রা
দেশজুড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বেড়ে কমে এসেছে শৈত্যপ্রবাহের বিস্তার। এরই মধ্যে চলতি জানুয়ারি মাসের শেষ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ সোমবার জানান, ‘বুধবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে তাপমাত্রাও বাড়বে। এরপর তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই।’
তিনি আরো জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অথচ আগের দিন রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রোববার যেখানে দেশের ২৮ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছিল, সেখানে সোমবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, মাদারীপুর, গোলাপগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে। আগামী দুই দিনের মধ্যে শৈত্যপ্রবাহের বিস্তৃতি আরো কমে যাবে।
আবহাওয়াবিদ নেওয়াজ বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থাকবে। তারপর দুই থেকে তিন দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।’
তিনি বলেন, ‘শীত কতদিন থাকবে তা নির্ভর করছে এলাকার ওপর। ঢাকার দিকে দেখা যাচ্ছে অনেকটা তাপমাত্রা বাড়ছে, কিন্তু উত্তরের দিকে খুব একটা বাড়েনি। স্বাভাবিকভাবে ঢাকায় ফেব্রুয়ারির ১৫ দিন পর্যন্ত মোটামুটি শীত থাকে। উত্তরের দিকে হয়ত আরও কিছুদিন বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা সারা দেশেই বারতে থাকবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে