প্রতিশোধের দাবিতে উত্তাল তেহরান
যুক্তরাষ্ট্রের সরাসরি হামলায় ক্ষুব্ধ হয়ে ইরানে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে রোববার হাজার হাজার মানুষ জমায়েত হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলছেন, এই হামলার কড়া জবাব দেবে ইরান। সিএনএন
ইরানিদের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই হঠাৎ হামলা চালিয়ে প্রতারণা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘোষণা ছিল, হামলা নিয়ে সিদ্ধান্ত হবে দুই সপ্তাহ পর; অথচ দুদিনের মধ্যেই চালানো হয় হামলা। অনেক বিক্ষোভকারী বলেন, এমন আচরণে ইরানিদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। এক বিক্ষোভকারী বলেন, 'আমরা সম্মান করি, অসম্মান বরদাস্ত করব না।'
আরেকজন ট্রাম্পকে 'বিশ্বের সবচেয়ে নোংরা রাজনীতিবিদ' বলে আখ্যা দিয়ে বলেন, কেবল নিজের স্বার্থেই কাজ করেন ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ—এটা ইরান সরকারের পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নেও উঠে এসেছে। এরপরও হামলা চালিয়ে ট্রাম্প নিজ দেশের তথ্যকেই অগ্রাহ্য করেছেন।
ইরান-ইসরায়েল দ্বন্দ্ব বহুদিনের। তবে চলতি মাসে ইসরায়েলের হামলার পর সরাসরি সংঘর্ষে জড়ায় দুই দেশ। এরপর রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে, কর্মসূচির মূল কাঠামো অক্ষত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে