খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হবে। আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে মরদেহে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হবে। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে তেহরান প্রদেশে টানা তিন দিনের সরকারি ছুটি কার্যকর থাকবে।
পরবর্তী ধাপে ৭ জুলাই পবিত্র নগরী কুমে একটি পৃথক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের ধর্মীয় শহর মাশহাদে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে।
বিশ্লেষকদের মতে, এই অন্ত্যেষ্টিক্রিয়া শুধু ধর্মীয় বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, বরং ইরানের ক্ষমতার রূপান্তর ও রাজনৈতিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, লাখো মানুষের সমাগমের আশঙ্কায় পুরো কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ইরানের ইসলামি বিপ্লবের পর দীর্ঘ প্রায় ৩৬ বছর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন খামেনি। তার মৃত্যু দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন