Views Bangladesh Logo

আফতাবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নিহাম (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আফতাবনগরের এফ ব্লকের একটি নির্মাণাধীন ভবনের আটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে। পরিবারের সঙ্গে বাড্ডার আফতাবনগর এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকায় থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে নিহাম ছিলেন ছোট।

নিহামের সহকর্মী আল-আমিন বলেন, তাঁরা ওই ভবনের আটতলায় স্যানিটারির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি নিচে নামেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সহকর্মীরা নিহামকে অচেতন অবস্থায় নিচে নামিয়ে আনছেন। তাঁদের কাছ থেকে তিনি জানতে পারেন, কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম জ্ঞান হারিয়েছেন।

পরে সহকর্মীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুপুরের দিকে চিকিৎসক নিহামকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নিহামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ