Views Bangladesh Logo

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে কিশোরী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তান

ঢাকার হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মায়ের কাছে তাঁর সাত মাস বয়সী সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয় তাঁকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার পরামর্শ ও শর্ত দিয়েছে। একই সঙ্গে শিশুটির স্থায়ী অভিভাবকত্বের বিষয়টি সংশ্লিষ্ট পারিবারিক আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুর অভিভাবকত্ব নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী আপাতত সাত মাস বয়সী শিশুটি তার মায়ের কাছেই থাকবে। পাশাপাশি উভয় পক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

লিগ্যাল এইড সূত্র জানায়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব চেয়ে বাবার করা আবেদন বর্তমানে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ভিত্তিতেই হবে।

ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগ অনুযায়ী, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর কিশোরীকে প্রলোভন দেখিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করা হয়। পরে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে তাঁর সন্তানকে তাঁর কাছ থেকে আলাদা করে রাখা হয়। পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর শিশুর নিরাপত্তা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে লিগ্যাল এইড শুনানির আয়োজন করে। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্ব কার কাছে থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন পারিবারিক আদালতই দেবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ