Views Bangladesh Logo

মোহাম্মদপুরে কিশোর গ্যাং সংঘর্ষে ‘এলেক্স গ্রুপ’ প্রধান ইমন নিহত, গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স গ্রুপ’-এর প্রধান ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন ইমন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তারা সবাই ইমনের প্রতিপক্ষ গ্রুপের সদস্য। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের মূলহোতা এবং ‘এলেক্স গ্রুপ’-এর নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েরবাজার এলাকায় এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে প্রাণঘাতী রূপ নেয়।

এদিকে, ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ইমন মাটিতে পড়ে যান। পরে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ