টেডি ডে আজ: রঙে রঙে ভালোবাসা আর যত্নের প্রকাশ
ভালোবাসার সপ্তাহ শুরু হয়েছিল রোজ ডে দিয়ে। তার পর একে একে প্রোপোজ ডে, চকলেট ডে পেরিয়ে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে টেডি ডে। প্রিয় মানুষটির হাতে আদুরে একটি টেডি বিয়ার তুলে দিয়ে ভালোবাসা, মমতা ও যত্নের অনুভূতি প্রকাশের দিন আজ।
কার্ড, চকলেট কিংবা ফুলের পাশাপাশি টেডি বিয়ার এখন ভালোবাসা জানানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম। সময়ের সঙ্গে যার আবেদন কমে না, বরং আবেগের গভীরতা আরও স্পষ্ট করে তোলে। নরম, উষ্ণ এই পুতুল যেন প্রিয়জনের অনুপস্থিতিতে তার উপস্থিতির প্রতীক হয়ে ওঠে।
প্রেমিক-প্রেমিকার ছোটখাটো মনোমালিন্য ভাঙাতে বা প্রিয় কাউকে বিশেষ অনুভব করাতে টেডি বিয়ারের ভূমিকা আলাদা। এটি নিছক একটি খেলনা নয়; বরং সম্পর্কের গভীরতা, যত্ন আর নির্ভরতার প্রকাশ। সে কারণেই ভ্যালেন্টাইনস সপ্তাহের ক্যালেন্ডারে টেডি ডে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।
কেন টেডি উপহার দেওয়া হয়
রোমান্টিক সম্পর্কের প্রতীকী উপহার হিসেবে টেডি বিয়ারকে বেশ গুরুত্ব দেওয়া হয়। দূরে থাকলেও প্রিয় মানুষটি যেন আপনার উপস্থিতি অনুভব করতে পারেন—সে অনুভূতিই এনে দেয় এই নরম পুতুল। অনেকের কাছেই টেডি মানে এক ধরনের আবেগী আশ্রয়।
টেডি বিয়ারের ইতিহাস
টেডি বিয়ারের পেছনে রয়েছে এক মানবিক গল্প। ১৯০২ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট শিকারে গিয়ে একটি ছোট কালো ভালুক শাবককে গুলি করতে অস্বীকৃতি জানান। এই ঘটনার ওপর ভিত্তি করে কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান একটি কার্টুন আঁকেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে মরিস মিকটম ও তার স্ত্রী প্রথম খেলনা ভালুক তৈরি করেন এবং প্রেসিডেন্টের ডাকনাম অনুসারে এর নাম দেন ‘টেডি বিয়ার’। ১৯০৩ সাল থেকে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এই আদুরে পুতুল।
টেডির রঙে লুকানো ভালোবাসার বার্তা
টেডি ডেতে উপহার দেওয়া টেডির রঙও আলাদা আলাদা অর্থ বহন করে—
লাল টেডি: গভীর ভালোবাসা ও আবেগের প্রতীক। সম্পর্কের শক্তি ও ভালোবাসার তীব্রতা বোঝায়।
গোলাপি টেডি: প্রেমের প্রস্তাব গ্রহণের ইঙ্গিত। উপহার গ্রহণ মানে ইতিবাচক সাড়া।
কমলা টেডি: আনন্দ ও ইতিবাচকতার প্রতীক। নতুন সম্পর্ক বা সম্ভাবনার বার্তা দেয়।
নীল টেডি: গভীর ও আন্তরিক ভালোবাসার প্রকাশ। সম্পর্কের স্থায়িত্ব ও সমৃদ্ধির ইঙ্গিত।
সবুজ টেডি: দৃঢ় অঙ্গীকার ও বিশ্বাসভিত্তিক সম্পর্কের প্রতীক।
উপহারে যোগ করুন একটু ব্যক্তিগত ছোঁয়া
প্রিয়জনের পছন্দের রঙে বড় বা ছোট একটি টেডি বিয়ার উপহার দিতে পারেন আজ। সঙ্গে লিখে দিতে পারেন একটি ছোট্ট রোমান্টিক নোট। এখন আবার প্রিয় মানুষের ছবি বা নাম ছাপানো কাস্টমাইজড টেডি উপহার দেওয়ার চলও বেশ জনপ্রিয়।
এই টেডি ডেতে আদুরে এক উপহারেই প্রকাশ হোক ভালোবাসা, যত্ন আর আবেগ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে