হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনার পর কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে ডেইলি মেইল।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তিনি হোটেলের অতিথি সেজে ভেতরে প্রবেশ করেন এবং ঘটনার আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার পরপরই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাকে মাটিতে উপুড় করে ফেলে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নিয়ন্ত্রণে নিচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে উল্লেখ করেন।
কর্তৃপক্ষের ধারণা, হামলায় তার সঙ্গে আর কেউ জড়িত ছিল না।
ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংস অপরাধের দুটি অভিযোগ এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও অভিযোগ যুক্ত হতে পারে।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তার গোলাগুলির ঘটনা ঘটে এবং এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে ওই কর্মকর্তা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে রক্ষা পান।
ঘটনাস্থলে থাকা সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে একটি বড় অস্ত্র ছিল এবং তিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন।
গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে নেয়। এ সময় তিনি মঞ্চে ওঠার প্রস্তুতিতে ছিলেন। সরিয়ে নেওয়ার সময় তিনি হোঁচট খেলেও দ্রুত তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়।
ঘটনার সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিকভাবে একজন নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই সদস্য বুকে গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে বড় ধরনের ক্ষতি হয়নি।
ফেডারেল তদন্ত সংস্থা জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দীর্ঘ বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এফবিআই ও সিক্রেট সার্ভিস যৌথভাবে ঘটনার কারণ ও পটভূমি তদন্ত করছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই ধরনের সহিংসতার কাছে তারা নতি স্বীকার করবেন না এবং স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে