বাড়তে পারে রিটার্ন দাখিলের সময়
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর বিষয়ে চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়ম অনুযায়ী, চলতি নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। তবে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের আয়কর বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ভিউজ বাংলাদেশকে বলেন, ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন না দিলে করদাতারা বেশ কিছু কর সুবিধা পাবেন না। এছাড়া রিটার্ন দাখিল না করলে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার বা আয়কর সনদ না থাকলে ৪৩টি সেবা পাওয়ার সুযোগ নেই। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এক মাস সময় বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ রহিত করে চলতি বছর আয়কর আইন ২০২৩ পাস হয়েছে। ফলে নতুন আইন সম্পর্কে জানতে ও অভ্যস্থ হতে করদাতাদের সময় প্রয়োজন। এছাড়া প্রতিবছর আরও আগে আয়কর পরিপত্র জারি করে এনবিআর। কিন্তু এবার পরিপত্র জারি হয়েছে অনেক দেরিতে। এতে করদাতাদের নতুন আইনের অনেক বিষয় বুঝতে ও হিসাব মেলাতে সময় লাগবে। এজন্য রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধির জন্য এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। একইসঙ্গে সময় দুইমাস বৃদ্ধির জন্য এনবিআরকে চিঠি দিয়েছে আয়কর আইনজীবীদের সংগঠন ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। সম্প্রতি দুই সংগঠন থেকে পৃথক চিঠি দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে