Views Bangladesh Logo

জাতিসংঘে তারেক রহমানের ভাষণ বিশ্ববাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন: রিজভী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যকে বিশ্বের গণতন্ত্রকামী ও শান্তিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মারণাস্ত্রের পরিবর্তে কূটনীতি, শিক্ষা ও শান্তিকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসনের জন্যও প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার ভাষণে এসব বিষয় উঠে আসা বিশ্বের শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষারই প্রতিফলন।

সমাবেশে রিজভী চব্বিশের আন্দোলনের পরাজিত শক্তিকে কোনো ধরনের প্রশ্রয় না দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চব্বিশের গণ-আন্দোলনের পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ষড়যন্ত্র চলছে। চব্বিশের গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং দলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া।

সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। পরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে নয়াপল্টন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ