ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা আজ, শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ ফরিদপুরে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বিভাগীয় সমাবেশ শেষ করে দুপুরে তিনি ফরিদপুরের জনসভায় যোগ দেবেন।
ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম সরাসরি জনসভা। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে অল্প সময়ের জন্য তিনি ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন। এবার পূর্ণাঙ্গ রাজনৈতিক সমাবেশকে ঘিরে জেলা জুড়ে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ।
শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী সমাবেশে দুই লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা করছে জেলা বিএনপি। দলীয় সূত্র জানায়, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
সমাবেশস্থলে আগত মানুষের জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংকি বসানো হয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণে আজ সকাল থেকেই শহরের দুটি প্রধান প্রবেশপথ—পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। এ জনসভায় ওই অঞ্চলের ১৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্র অনুযায়ী, তারেক রহমান সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় বরিশাল বেলস পার্ক মাঠে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার পর তিনি দুপুর ১টার দিকে ফরিদপুরে পৌঁছাবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ১টা ৪৫ মিনিটে তিনি জনসভা মঞ্চে উঠবেন।
সমাবেশ শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করতে পারে বলে ধারণা করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
রাজেন্দ্র কলেজ মাঠের দক্ষিণ পাশে প্রায় ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাঠজুড়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে সাদাকালো ব্যানার টানানো হয়েছে। এছাড়া বড় এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, 'সব প্রস্তুতি শেষ। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ চেয়ারম্যানের আগমনের অপেক্ষায় আছেন। ফরিদপুরে এটি তার প্রথম জনসভা হওয়ায় সবার মধ্যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে