তারেক রহমানের পক্ষে গণসংযোগে কন্যা জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশান পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি।
গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান জাইমা রহমান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আগত ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি গুলশান এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকেও প্রবেশ করেন। একটি বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।’
এ সময় পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তিনি বীজ বিতরণ করেন। এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনী বর্জ্য কমানো ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান।
গণসংযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও উপস্থিত থাকতে দেখা যায়। নিরাপত্তা সদস্যরা সঙ্গে থাকলেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চান।
গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে