নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি তারেক রহমানের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন। ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ দাবি জানান।
তারেক বলেন, ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি সতর্ক করেন, ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তারেক রহমান অভিযোগ করেন, ‘ভোটের আগের দিন থেকেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করছি।’
বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। তবে ভোটে কারচুপি বা বিভ্রান্তি সৃষ্টি হলে সেই ফল মেনে নেওয়া হবে না।
তিনি যোগ করেন, ‘শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটই গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে