সোমবার খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই শহরে নির্বাচনী প্রচারে অংশ নিতে যাচ্ছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার তিনি খুলনা ও যশোরে পৃথক নির্বাচনী জনসভা করবেন।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১১টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। বেলা ১২টায় তিনি খুলনা শহরের সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।
এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সমাবেশ শেষে বিকেল ২টা ৪০ মিনিটে আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওই দিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেন।
পরবর্তীতে ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে নতুন দফার প্রচারাভিযান শুরু করেন তিনি। সেখান থেকে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন।
এ ছাড়া ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। তিন দিনের সেই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে শনিবার ঢাকায় ফিরে আসেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, ২২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে সারাদেশে মোট ২২টি নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে