২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল
দীর্ঘ দুই দশক পর নির্বাচনী প্রচারণায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। অনেকেই ফজরের নামাজের পরই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অবস্থান নেন।
দুপুর ১২টায় এই মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি ও মিত্রজোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। মাঠের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে বড় মঞ্চ। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে—বাঁশ দিয়ে নির্দিষ্ট অংশ ঘিরে সেখানে কলাপাতা বিছানো হয়েছে। শহরজুড়ে এবং সমাবেশস্থল এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আবহ।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে দলের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে তারেক রহমানের আগমন ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে দুটি আসন মিত্রদলকে ছেড়ে দিয়েছে বিএনপি। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী বলেন, 'বরিশাল বিভাগের ৯০ শতাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন বলে আমরা আশাবাদী।'
দলীয় কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। জনসভায় অংশ নিয়ে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, 'জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাবাহিকতাকে এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা দক্ষিণাঞ্চলের মানুষের।'
প্রসঙ্গত, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে