চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তারেক রহমান
সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই রাজনৈতিক যোগাযোগ জোরদার করেছেন তারেক রহমান। এবার তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে এবং পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সাক্ষাৎ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের আগে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এসব বৈঠক ভবিষ্যৎ সমন্বয় ও সম্পর্ক জোরদারের কৌশলের অংশ হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে