মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় দুই দশক পর তিনি সরাসরি বরিশালে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলস পার্ক মাঠে এটিই তার প্রথম সরাসরি জনসভা।
এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে একই মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে হিসেবে প্রায় ২৫ বছর পর বেলস পার্কে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হওয়ায় বরিশাল বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
বুধবার সকাল ১১টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নেতাকে একনজর দেখার আশায় মঙ্গলবার বিকেল থেকেই বরিশাল নগরীতে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে।
বিভাগের ছয়টি জেলা ও ৪২টি উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা ইতোমধ্যে নগরীতে অবস্থান নিয়েছেন। এতে শহরের আবাসিক হোটেলগুলো পরিপূর্ণ হয়ে গেছে। অনেক নেতা-কর্মী আত্মীয়স্বজন ও স্থানীয় নেতা-কর্মীদের বাসায় অবস্থান করছেন, আবার কেউ কেউ জনসভাস্থলেই রাত কাটিয়েছেন।
মঙ্গলবার দুপুর থেকে ধানের শীষ প্রতীকসংবলিত বিভিন্ন সাজ-পোশাকে নেতা-কর্মীদের বেলস পার্ক মাঠে ঘোরাফেরা করতে দেখা যায়। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।
জনসভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সম্ভাব্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহ, ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়ন এবং বরিশাল–ভোলা সেতু নির্মাণ।
জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশাল নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে। বুধবার সকালে জনসভাস্থল ও মঞ্চ পরিদর্শন করেন তারেক রহমানের নিরাপত্তা প্রদানকারী সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি বরিশাল সফর নেতা-কর্মীদের কাছে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা হবেন। বেলা ১২টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে