Views Bangladesh Logo

যশোরে তারেক রহমানের প্রথম জনসভা আজ

জ সোমবার (২ ফেব্রুয়ারি) যশোরে প্রথমবারের মতো জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নিয়ে নির্বাচনি সমাবেশ করবেন। জনদুর্ভোগ কমানোর জন্য সমাবেশটি শহরের বাইরে, উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে (ডিগ্রি কলেজ মাঠ) অনুষ্ঠিত হবে।

দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সম্প্রতি শহরের ঈদগাহ ময়দানে জামায়াতের জনসভার কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সমস্যায় পড়েছিলেন। সেই কারণে এবার শহরের বাইরে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান যশোরে আসছেন। দুপুর দেড়টার দিকে তিনি হেলিকপ্টারে যশোরে পৌঁছবেন। তিনি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

তিনি আরও জানান, প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল শহরের বাইরে সমাবেশ করছে। তারেক রহমানকে ঘিরে মানুষের আবেগ এবং উচ্ছ্বাস আছে। যদি শহরের কেন্দ্রবিন্দুতে সমাবেশ হতো, ব্যাপক মানুষ উপস্থিত হতো এবং জনদূর্ভোগ সৃষ্টি হতো। আমরা জনগণের সুবিধা বিবেচনা করে সমাবেশটি শহরের বাইরে আয়োজন করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

প্রথমবারের মতো তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবমুখর। রাজপথ থেকে পাড়া-মহল্লা পর্যন্ত সাজ-সজ্জা চোখে পড়ছে। প্রচার মিছিল চলছে এবং নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে পুলিশসহ বিভিন্ন ইউনিট সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ