প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, শিগগিরই ছাত্রদলের নতুন কমিটির ইঙ্গিত
জাতীয়তাবাদী ছাত্রদলের ছয়জন জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতের পর ছাত্রদলের নতুন কমিটি শিগগির আসতে পারে বলেও ইঙ্গিত পেয়েছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আধা ঘণ্টার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া নেতাদের বরাতে জানা গেছে, আওয়ামী লীগ শাসনামলে ও চব্বিশের আন্দোলনে ছাত্রদলের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী সংগঠনকে ধন্যবাদ জানান এবং নেতাদের প্রশংসা করেন। পাশাপাশি সারাদেশে গঠিত ২২০০-র বেশি সাংগঠনিক কমিটির ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সংগঠনের একজন যুগ্ম সম্পাদক জানান, বর্তমান নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর পাশাপাশি ছাত্রদলের কার্যক্রমে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য শুভকামনা জানান।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নতুন কমিটি নিয়ে নেতাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। এমনকি পরবর্তী নেতৃত্ব নিয়ে গোপনে নেতাদের মতামতও নেন বলে জানিয়েছেন এক নেতা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্যানেলের পরাজয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন বর্তমান নেতারা।
এদিকে মধ্যরাতে নিজের ফেইসবুক পোস্টে বিদায়ের বার্তা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি লেখেন, জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ‘নতুন জীবন’ শুরুর ইচ্ছার কথাও জানান তিনি, পাশাপাশি নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবে বলে প্রত্যাশা রাখেন।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল ছাত্রদলের বর্তমান কমিটি। সংগঠনের একাধিক নেতার ভাষ্যমতে, বর্তমান ও নতুন মিলিয়ে অন্তত ১০ জনের বেশি নেতা শীর্ষ দুই পদের জন্য আগ্রহী, যাদের অনেকেই ইতোমধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এ বিষয়ে সভাপতি রাকিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী এমন বার্তা দিয়েছেন যে ছাত্রদলের পরবর্তী কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে।
মতামত দিন