২২ বছর পর আজ নীলফামারী যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ প্রায় ২২ বছর পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরের জেলা নীলফামারীতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভায় যোগ দিতে তার এই সফর ঘিরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দুপুর দেড়টার দিকে নীলফামারী পৌর মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, তারেক রহমান হেলিকপ্টারযোগে জনসভাস্থলে পৌঁছাবেন।
তিনি বলেন, চেয়ারম্যানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আমরা আশা করছি।
সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, দলের চেয়ারম্যান প্রায় ২২ বছর পর নীলফামারীতে আসছেন—এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করছি, তিনি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়গুলো নিয়ে কথা বলবেন। বিশেষ করে উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার কাছ থেকে আশার বাণী শুনতে চাই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে