Views Bangladesh Logo

বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর এটি তার প্রথম বরিশাল সফর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় জমে।

বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে এক নজর দেখতে জনসভাস্থলে উপস্থিত হন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার চেয়ারম্যান হিসেবে বরিশালে আগমন দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন দলীয় নেতারা।

হেলিকপ্টার থেকে নামার পর বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। তার সফরকে কেন্দ্র করে প্রশাসনও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, প্রায় দুই দশক পর দলীয় প্রধানকে সরাসরি দেখতে পাওয়া তাদের জন্য অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণার মুহূর্ত। তাদের ভাষায়, এটি কেবল একটি জনসমাবেশ নয়—বরং বিএনপির শক্তি, ঐতিহ্য ও রাজনৈতিক পুনরুত্থানের প্রতীক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ