Views Bangladesh Logo

এক যুগ পর প্রকাশিত হলো তারিক চয়নের বই ‘অবিসংবাদিত তারেক রহমান’

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গুণীজনদের লেখা প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ অবশেষে প্রকাশিত হয়েছে। প্রায় ১৩ বছর আগে বইটি সম্পাদনা করেছিলেন তৎকালীন সাংবাদিক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। নানা প্রতিকূলতার কারণে দীর্ঘদিন বইটি প্রকাশিত না হলেও অবশেষে এটি আলোর মুখ দেখেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে বই প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন তারিক চয়ন।

তিনি জানান, ২০১৩ সালে তারেক রহমানকে নিয়ে বেশ কয়েকজন লেখক, চিন্তক ও রাজনীতিবিদের লেখা প্রবন্ধ সংগ্রহ করেছিলেন তিনি। সে সময়ের রাজনৈতিক বাস্তবতায় বইটি প্রকাশের তীব্র আগ্রহ থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি।

ফেসবুক পোস্টে তারিক চয়ন লেখেন, মোড়ক উন্মোচনের ইচ্ছা ছিল অমর একুশে গ্রন্থমেলায় সুধীজনদের উপস্থিতিতে। তবে পরিস্থিতি পরিকল্পনামাফিক এগোয়নি।

তিনি উল্লেখ করেন, তৎকালীন বৈরী রাজনৈতিক পরিবেশের মধ্যেও তার উদ্দেশ্য ছিল অবদমন, নিগ্রহ ও মিথ্যাচারের সংস্কৃতির বিপরীতে তারেক রহমানের উন্নয়নমুখী রাজনৈতিক দর্শন ও পরিকল্পনাকে জনপরিসরে তুলে ধরা।

তিনি আরও লেখেন, বইটির প্রবন্ধগুলোতে তারেক রহমানের অহিংস ও ইতিবাচক রাজনৈতিক চর্চার বিশ্লেষণ রয়েছে। দীর্ঘ এক যুগ ধরে সংকলনটি অপ্রকাশিত থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বইটি পাঠকের হাতে তুলে দেওয়ার ইচ্ছা থাকলেও পারিবারিক শোকের কারণে তা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বইটির মুখবন্ধ লিখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তারিক চয়ন জানান, বইটি প্রকাশের বিষয়ে তিনি রিজভীর সঙ্গে আলোচনা করেন এবং ব্যস্ততার মাঝেও তিনি মুখবন্ধ লিখে দিকনির্দেশনা দিয়েছেন।

খুব শিগগিরই বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সেখানে বইটির লেখক, চিন্তক ও রাজনীতিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ থাকবে বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে প্রকাশিত ‘লুণ্ঠিত ভবিষ্যৎ’ বইয়ের আলোচিত অনুসন্ধানী নিবন্ধ ‘অর্থ পাচার’-এর লেখকও তারিক চয়ন। ওই লেখায় তিনি তথ্য-উপাত্তসহ দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ তুলে ধরেছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ