অভিনেত্রী তৃষা ও মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘অশ্লীল’ মন্তব্য: তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী 'থালপতি' বিজয় ও প্রখ্যাত অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধী দলের নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে চেন্নাইয়ে তাঁর বাসভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারের পর উদয়নিধিকে তাঞ্জাভুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে এক প্রতিবাদ সভায় করা বিতর্কিত মন্তব্যের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় রাজ্য সরকারের ব্যর্থতার সমালোচনা করার সময় এই বিতর্কিত মন্তব্যটি করেন উদয়নিধি। বক্তৃতাকালে উপস্থিত জনতার একাংশ অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করলে উদয়নিধি দ্ব্যর্থবোধক ভঙ্গিতে বলেন, ‘পানি আসুক বা না আসুক, জল পৌঁছানো চাই। আমি কাবেরীর কথাই বলতে চেয়েছি।’ তাঁর এই মন্তব্যে সভায় উপস্থিত অনেকেই হেসে উঠলেও বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র নিন্দার ঝড় তোলে।
উদয়নিধির বিরুদ্ধে আক্রমণের ধার বাড়ায় ক্ষমতাসীন দল তামিলগা ভেট্রি কড়গম (টিভিকে)। দলটির নেতা আধভ অর্জুন তাঁকে ‘অশ্লীল নিধি’ বলে কটাক্ষ করেন এবং তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চর্চার মান অবনমন ও নারীদের অপমান করার অভিযোগ তোলেন।
তামিলনাড়ুর বিরোধীদলীয় এই নেতার বক্তব্যের সমালোচনা করেছে তামিলনাড়ুর অন্যান্য রাজনৈতিক দলও। তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি তাঁর ব্যবহৃত ভাষাকে 'অনভিপ্রেত' আখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, বিজেপি নেত্রী ও তেলেঙ্গানার সাবেক রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন মন্তব্য করেন, এ ধরনের অবমাননাকর বক্তব্য ডিএমকের রাজনৈতিক সংস্কৃতির নিম্নমানেরই প্রতিফলন।
এদিকে এই মন্তব্যের জেরে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন উদয়নিধি।
পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘যে কথা আমি বলিনি, তার জন্যই আমাকে গ্রেপ্তার করা হচ্ছে।’
রাজ্যের মূল সমস্যাগুলো থেকে জনগণের মনোযোগ সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করে তিনি পুরো ঘটনাটিকে একটি 'হাস্যকর নাটক' বলে অভিহিত করেন এবং বিষয়টি নিয়ে আইনি লড়াই চালানোর ঘোষণা দেন।
মতামত দিন