Views Bangladesh Logo

সমালোচনার মুখে জ্যোতিষীর নিয়োগ বাতিল করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের মুখে নিজের ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলের সরকারি নিয়োগ বাতিল করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল ডিউটি অফিসার (ওএসডি) হিসেবে ভেট্রিভেলের নিয়োগের মাত্র একদিনের মাথায় সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়।

জানা গেছে, বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর জোটসঙ্গী দলগুলোই প্রথম এ নিয়োগের তীব্র বিরোধিতা করে। বিশেষ করে বিদুথলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া প্রকাশ্যে ক্ষোভ জানায়।

বিধানসভায় আস্থা ভোটের আগে ভিসিকে বিধায়ক বাণী আরসু সরকারকে কুসংস্কার বর্জন করে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী চিন্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সরকারের উচিত জ্যোতিষশাস্ত্র নয়, বরং বৈজ্ঞানিক চিন্তাধারাকে গুরুত্ব দেওয়া।

একই সুরে সমালোচনা করে সিপিআইএম। দলটির রাজ্য সম্পাদক পি শানমুগাম বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলা। জনগণের অর্থে একজন জ্যোতিষীকে সরকারি পদে বসানো কুসংস্কারকে উৎসাহিত করবে।

বিতর্কে যোগ দেন দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজাগাম (ডিএমডিকে)-এর নেত্রী প্রেমলতা বিজয়কান্ত। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী বিজয়কে প্রশ্ন করে বলেন, ‘যদি তিনি আপনার ব্যক্তিগত গুরু হন, তাহলে ব্যক্তিগত পর্যায়েই রাখুন। তরুণরা আপনাকে ভোট দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি কী বার্তা দিচ্ছেন?’

যদিও জোটসঙ্গী দলগুলো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেনি, তবে রাজনৈতিক চাপ দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত সমালোচনার মুখে নিজের অবস্থান থেকে সরে আসেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ