Views Bangladesh Logo

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ সংলাপের পর এ মন্তব্য করেন তিনি।

গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি জড়ো করলেও ওই আলোচনার মূল লক্ষ্য ছিল অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি ঠেকানো। আলোচনা শেষে সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে তারা চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।

তবে আলোচনা চলার সময়েই ইরানের বিরুদ্ধে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। ওই আদেশের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আদেশে বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে পণ্য আমদানি করবে, সেসব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কাটে অনুষ্ঠিত আলোচনায় মূলত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু উত্থাপিত হয়নি। বৈঠকে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে তারা নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। তবে বিকল্প কিছু প্রস্তাব বিবেচনায় নিলে তারা নির্দিষ্ট বিষয়ে ছাড় দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান। সূত্র: টাইমস অব ইসরায়েল

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ