৬ কোটি ৭০ লাখ বছরের পুরোনো টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ডলারে বিক্রি
প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগের একটি টাইরানোসরাস রেক্স (টি-রেক্স)–এর কঙ্কাল নিউইয়র্কের সোথবিস নিলামে ৫ কোটি ১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ডাইনোসরের জীবাশ্ম বিক্রির ইতিহাসে এটিই সর্বোচ্চ মূল্যের রেকর্ড।
‘গাস’ নামের এই টি-রেক্সের কঙ্কালটির উচ্চতা ১২ ফুটের (প্রায় ৪ মিটার) বেশি। সোথবিসের তথ্য অনুযায়ী, এর ৬০ শতাংশেরও বেশি আসল হাড় উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পূর্ণাঙ্গ টি-রেক্স জীবাশ্মগুলোর একটি।
মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে জীবাশ্মটি বিক্রি হলেও ক্রেতার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত খামারে ‘গাস’-এর জীবাশ্মটি আবিষ্কৃত হয়। পরবর্তী তিন গ্রীষ্মে ধাপে ধাপে এর হাড় উদ্ধার করা হয়। পরে গবেষণাগারে কঙ্কালটি পুনর্গঠনে আরও প্রায় তিন বছর সময় লাগে।
সোথবিসের বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের বৈশ্বিক প্রধান ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, জীবাশ্মটি খুঁজে বের করা, খনন, নথিভুক্তকরণ, সংরক্ষণ ও পুনর্গঠনে দীর্ঘ সময়, দক্ষতা ও বিপুল ব্যয় হয়েছে। বিক্রির মূল্য সেই পরিশ্রমেরই প্রতিফলন।
গবেষণার সময় দেখা গেছে, কঙ্কালটির খুলিতে কামড়ের দাগ রয়েছে। এছাড়া জীবদ্দশায় এর একটি পাঁজরের হাড় ভেঙে গিয়ে পরে আবার জোড়া লেগেছিল। বিজ্ঞানীদের ধারণা, অন্য ডাইনোসরের সঙ্গে লড়াই অথবা মৃত প্রাণীর দেহ খাওয়ার সময় এসব আঘাত পেয়েছিল টি-রেক্সটি।
এর আগে ২০২৪ সালে একটি স্টেগোসরাসের জীবাশ্ম সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েছিল। ‘গাস’ সেই রেকর্ড ভেঙে প্রথম ডাইনোসর হিসেবে ৫ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করল।
বিশেষজ্ঞদের মতে, এই বিক্রি ধনী সংগ্রাহকদের মধ্যে বিরল জীবাশ্ম সংগ্রহের নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। তবে আগের রেকর্ডধারী স্টেগোসরাস ‘অ্যাপেক্স’-এর মতো ‘গাস’ও ভবিষ্যতে কোনো জাদুঘরে প্রদর্শনের জন্য ধার দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন