সিরিয়া শুদ্ধিকরণ চলছে: বিদ্রোহী নেতা আবু জোলানি
বাশার আল আসাদের পতনের পর দামাস্কাসের উমায়াদ মসজিদে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন অভিযানে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।
জোলানি তার বক্তব্যে সিরিয়ার আঞ্চলিক অবস্থান পুনর্গঠনের অঙ্গীকার করেন। তিনি বলেন, সিরিয়া শুদ্ধিকরণ চলছে।
তিনি সিরিয়ার পূর্ববর্তী সরকারের অধীনে ক্যাপ্টাগন মাদক ও অপরাধের কারণে ‘নার্কো-রাষ্ট্র’ হিসেবে সিরিয়ার যে বদনাম হয়েছিল, তা থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন।
জোলানি বলেন, এই বিজয় পুরো ইসলামী জাতির জন্য। এই বিজয় আল্লাহ্ তায়ালার কৃপায় এসেছে, শহীদ, বিধবা এবং এতিমদের আত্মত্যাগের মাধ্যমে। এটি এসেছে যারা কারাবাস সহ্য করেছে তাদের কষ্টের মধ্য দিয়ে।
এ সময় সিরিয়ায় ২০১১ সাল থেকে চলা গৃহযুদ্ধে ‘শহীদদের’ স্মরণ করেন আল-জোলানি। তিনি বলেন, বাশার আল-আসাদ ‘সাম্প্রদায়িকতা ও দুর্নীতি’ ছড়িয়েছিলেন।
উল্লেখ্য, বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে পতন ঘটে বাশার আল-আসাদ সরকারের। এর মধ্যে দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে। বাবা বশির আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা প্রায় ৫৪ বছর সিরিয়া শাসন করেছেন।
সিরিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি এখন মস্কোয় অবস্থান করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে