অপপ্রচার, ধর্মের ব্যবহার ও ভোট কেনার অভিযোগ সিলেট বিএনপির
অপপ্রচার, ভয়ভীতি ও ভোট কেনার অভিযোগ তুলেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ শনিবার দুপুরে সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নেতারা এমন অভিযোগ করেন। এর আগে গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে মৌখিক অভিযোগ করেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সভাপতি ও সংসদীয় আসনসমূহের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি নেতারা অভিযোগ করেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি রাজনৈতিক গোষ্ঠী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। ধর্ম ব্যবহার করে ভোট প্রার্থনা, শিশু-কিশোরদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার, ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি এবং অর্থ বিতরণের মাধ্যমে ভোট কেনার অভিযোগও করেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং একাধিক আসনে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা দেখা যাচ্ছে। এছাড়া অবৈধ ব্যালট, সিল ও কালি উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ প্রকাশ করে নেতারা জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের গোপনীয় ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে সংগ্রহ ও বিতরণ করছে, যা নির্বাচনী আইন লঙ্ঘন এবং ভোটারদের গোপনীয়তার পরিপন্থি। নেতারা অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিলেট বিএনপি লিখিত অভিযোগ করবে উল্লেখ করে রেজাউল হাসান লোদী কয়েস সমকালকে জানিয়েছেন, ছবিযুক্ত ভোটার তালিকা কোনোভাবে দলীয় নেতাকর্মীর হাতে যেতে পারে না। আমাদের ব্যানার নামানো হয়েছে, অথচ জামায়াতের ব্যানার রয়ে গেছে। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয় জানিয়েছি। তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিএনপি নেতা নজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে