Views Bangladesh Logo

মার্কিন সামরিক বিমানের উড্ডয়ন অনুরোধ নাকচ করল সুইজারল্যান্ড

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীর দুটি বিশেষ বিমানের উড্ডয়ন বা ‘ওভার ফ্লাইট’ অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ড। আন্তর্জাতিক আইন ও নিজেদের দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতি বজায় রাখতে গত শনিবার (১৪ মার্চ) দেশটির ফেডারেল কাউন্সিল এই সিদ্ধান্ত ঘোষণা করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো বিশেষ পক্ষ অবলম্বন না করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক বিমানের আকাশসীমা ব্যবহারের আবেদন নাকচ করা হয়েছে। তবে মানবিক ও কৌশলগত কারণ বিবেচনা করে একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং দুটি সাধারণ পরিবহন বিমানের উড্ডয়ন অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ড সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, দেশের সার্বভৌমত্ব এবং নিরপেক্ষ অবস্থান সমুন্নত রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে ওয়াশিংটনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, যদি ইরানের জ্বালানি বা তেল অবকাঠামো লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন কোম্পানি বা যেসব স্থাপনায় যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোতে পাল্টা আঘাত করবে তেহরান।

আরাঘচি স্পষ্ট করে বলেন, "আমাদের রাষ্ট্রীয় সম্পদে আঘাত করা হলে এ অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট কোনো স্থাপনাই আর নিরাপদ থাকবে না।" বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ